সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের - Trend Bd

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং অন্য তিনটি স্তম্ভকে সঠিক পথে রাখার ‘ভ্যানগার্ড’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে জাতি সংবাদমাধ্যমের কাছে যা প্রত্যাশা করেছিল, তা হারিয়েছে। সে সময় ‘সাদাকে সাদা এবং কালোকে কালো’ বলার কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার রেশ এখনো মাঝেমধ্যে অনুভূত হয়।

তিনি স্পষ্ট করে জানান, জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চায়। প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজী, মাহমুদুর রহমান এবং শহীদুল আলমের ওপর চালানো বিগত সরকারের নির্যাতন ও দমন-পীড়নের কথা স্মরণ করে তিনি সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে কাজ করার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত তাঁদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছে, তবে এই একই নিশ্চয়তা সরকারি দলকেও দিতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেন যে, জাতীয় স্বার্থে তাঁর দল কোনো প্রকার আপস করবে না। সরকারি দল যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তবে তাদের সঠিক পথে আনার চেষ্টা করা হবে এবং প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন যেখানে দেশ কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না এবং পুনরায় ফ্যাসিবাদের উত্থান ঘটবে না।

Leave a Comment