ভোটের কালি মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের নখ থেকে নির্বাচনের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই বিএনপি সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করার যে অঙ্গীকার করা হয়েছিল, জনগণের রায়ে সরকার গঠনের পর তা ধারাবাহিকভাবে পূরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানি কর্মসূচির পাইলট প্রজেক্ট শুরু হলো। এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৪ কোটি পরিবার পাবে। আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ এবং ১৬ মার্চ থেকে দিনাজপুর থেকে ‘খাল খনন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে।
তারেক রহমান আরও উল্লেখ করেন, প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমেই দেশকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানো সম্ভব। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, সরকার এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে আর কোনো ফ্যাসিবাদ বা অপশক্তি মানুষের স্বাধীনতা ও কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাবে। সেই সঙ্গে তিনি নতুন প্রজন্মের মাঝে ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।