হরমুজ প্রণালি মুক্ত রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের প্রচেষ্টাকে নস্যাৎ করতে এবং এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে চীন, যুক্তরাজ্যসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৪ মার্চ) তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই প্রত্যাশার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করে দিয়েছে। তবে ইরান পরাজিত হলেও তারা চোরাগোপ্তা হামলা হিসেবে এই জলপথে ড্রোন পাঠানো, মাইন নিক্ষেপ কিংবা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ সচল রাখতে ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন বাহিনী বর্তমানে ইরানের উপকূলরেখা বরাবর ক্রমাগত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে যাতে ইরানি নৌযান ও জাহাজগুলো জলসীমায় অবস্থান করতে না পারে। ট্রাম্প দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, যেকোনো উপায়ে হরমুজ প্রণালিকে নিরাপদ ও উন্মুক্ত রাখা হবে। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির নিয়ন্ত্রণ রক্ষায় আমেরিকা তার মিত্রদের নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায়।