জনসচেতনতায় অর্ধেক ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
ডেঙ্গু নির্মূলে কেবল মশার ওষুধের ওপর নির্ভর না করে জনসচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে তিনি নগরবাসীর প্রতি এই আহ্বান জানান।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন নিয়মিত মশার ওষুধ ছিটানোর কাজ চালিয়ে যাবে, কিন্তু নগরবাসী যদি সচেতন না হন এবং বাড়ির চারপাশে ময়লা-আবর্জনা বা পানি জমিয়ে রাখেন, তবে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তার মতে, সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু পরিস্থিতির ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
সিটি করপোরেশনের সেবামূলক কাজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও জানান, নতুন নির্মিত ঈদগাহ ও জানাজা মাঠসহ জনসমাস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। মূলত পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি করপোরেশন ও জনগণের যৌথ প্রচেষ্টার ওপরই জোর দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।