পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু: প্রথম পর্যায়ে পাচ্ছেন ১১ উপজেলার ২২ হাজার কৃষক
দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটালাইজড করতে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বা ‘ফার্মার্স কার্ড’ চালু করছে সরকার। আগামী পহেলা বৈশাখ থেকে দেশের ১১টি উপজেলার মোট ২২ হাজার কৃষককে এই কার্ড প্রদান করা হবে। টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব উপজেলায় কার্ড দেওয়া হচ্ছে: প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১টি উপজেলা হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড়ের সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা।
বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি প্রণোদনা, সার-বীজ সহায়তা এবং কৃষি ঋণ প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে এই ডিজিটাল কার্ডের আওতায় আনা হবে।