সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ কেন? কড়া প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান। - Trend Bd

সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ কেন? কড়া প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান।

সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ কেন? সরকারের প্রতি জামায়াত আমিরের প্রশ্ন

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর ঢাকা-১৫ আসনের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাত আদায় করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যৌক্তিকতা নিয়ে কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন যদি বৈধ বা ‘হালাল’ হয়, তবে জনগণের দেওয়া গণভোটের রায় কেন ‘হারাম’ বা অবৈধ হবে? তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় তারা জনগণের কাছে দুটি ভোট চেয়েছিলেন—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। জনগণ স্বতঃস্ফূর্তভাবে দুটিতেই রায় দিয়েছে। এখন একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করা চরম বৈপরীত্য। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এই সত্যটি যত দ্রুত অনুধাবন করা হবে, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট তত দ্রুত কাটবে।

তিনি আরও বলেন, গণভোটের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। যারা আগে এই গণভোটকে সমর্থন দিয়ে এখন বিরোধিতা করছেন, তা অত্যন্ত দুঃখজনক। জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন, জনগণের সর্বোচ্চ রায়কে সম্মান জানানোই গণতন্ত্রের মূল কথা। যদি সরকার জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, তবে এই বিশাল জনগোষ্ঠীকে সাথে নিয়েই রাজপথে দাবি আদায় করা হবে। উৎসবের দিনেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার রক্ষায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Comment