৪ মার্কিন ক্রিকেটারের বিশ্বকাপ শঙ্কা; ভারত দিচ্ছে না ভিসা? - Trend Bd

৪ মার্কিন ক্রিকেটারের বিশ্বকাপ শঙ্কা; ভারত দিচ্ছে না ভিসা?

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন এক সংকট তৈরি হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ভারত সফর নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

পাকিস্তানি বংশোদ্ভূত এই চার ক্রিকেটার হলেন—আলি খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন এবং এহসান আদিল। বর্তমানে তারা মার্কিন দলের সাথে শ্রীলঙ্কায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। তবে ভারতের ভিসা না পাওয়ায় তাদের বিশ্বকাপে অংশগ্রহণ এখন ঝুলে আছে।

ভিসা জটিলতার নেপথ্যে কী?

গত ১৩ জানুয়ারি কলম্বোর ভারতীয় হাই কমিশনে এই চার ক্রিকেটার ভিসার জন্য আবেদন করেন। সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা দেওয়ার কথা থাকলেও তাদের ক্ষেত্রে বিষয়টি ‘আন্ডার রিভিউ’ বা পর্যালোচনার অধীনে রাখা হয়েছে।

ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গেছে, আবেদনগুলো বাতিল করা হয়নি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ফাইলগুলো ভারতের বিদেশ মন্ত্রক এবং অন্যান্য দপ্তরের বিশেষ অনুমতির অপেক্ষায় রয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও বিশ্বকাপের ঠিক আগে এমন পরিস্থিতি মার্কিন শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে।

আলি খানের পোস্ট এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

এই ইস্যুটি প্রকাশ্যে আসে যখন মার্কিন পেসার আলি খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ভিসা রিজেকশন’ বা ভিসা বাতিলের ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেট ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

যদিও আইসিসি এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড পরবর্তীতে নিশ্চিত করেছে যে, ভিসা এখনই বাতিল হয়নি। তবে প্রশাসনিক জটিলতার কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে। এর আগে মঈন আলি, শোয়েব বশির এবং উসমান খাজার মতো তারকাদেরও ভারতে যাওয়ার আগে একই ধরণের বিড়ম্বনায় পড়তে হয়েছিল।

আরো পড়ুন:- বিসিবির চ্যালেঞ্জ কাপ: সেমিফাইনাল ছাড়াই ফাইনাল! থাকছেন কারা?

শুধু যুক্তরাষ্ট্র নয়, শঙ্কা আছে আরও দলের

ভারতের এই ভিসা প্রোটোকল কেবল যুক্তরাষ্ট্রের ওপরই প্রভাব ফেলছে না। এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ওমান এবং ইতালির স্কোয়াডেও অনেক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন।

আইসিসি সূত্রে জানা গেছে, প্রতিটি দলের জন্যই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, এই ধরণের বিশেষ ক্যাটাগরির ভিসা ইস্যু করতে বাড়তি সময়ের প্রয়োজন হয়। ফলে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে বাকি দেশগুলোও তাদের খেলোয়াড়দের ভিসা নিয়ে চিন্তায় রয়েছে।

আরো পড়ুন:- বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ? আইসিসি বনাম বিসিবির চরম যুদ্ধ শুরু!

ডামাডোলে বিশ্বকাপ আয়োজন

চলমান বিসিবি বনাম আইসিসি দ্বন্দ্বে বিশ্বকাপ আয়োজন নিয়ে এমনিতেই এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে চায়। এর মাঝেই নতুন করে ভিসা জটিলতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দ্রুত এই ৪ ক্রিকেটারের ভিসা সমস্যার সমাধান না হয়, তবে এটি টুর্নামেন্টের স্পিরিটে আঘাত হানতে পারে। আইসিসি এই বিষয়টি নিয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

আরো পরতে ভিজিট কড়ুন

Leave a Comment