উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ওপর সরাসরি নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিয়মিত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এরই মধ্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে এই বিদেশের নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।