উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস - Trend Bd

উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। গত বুধবার ইফতারের সময় পানি পানের পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে আজই দেশের বাইরে নেওয়ার সকল প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার বিকেল ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা নাগাদ তাঁকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন রাজনৈতিক মহলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে যান। এসময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতারা অসুস্থ মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। বর্তমানে পরিবার ও দলের পক্ষ থেকে তাঁর আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Comment