আজ দেশব্যাপী ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন: প্রধানমন্ত্রী থাকছেন দিনাজপুরে - Trend Bd

আজ দেশব্যাপী ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন: প্রধানমন্ত্রী থাকছেন দিনাজপুরে

৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার (১৬ মার্চ) সারা দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের যাত্রা শুরু হবে। পরিবেশ রক্ষা ও কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার ৫ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় প্রথম দফায় মাত্র ৬ মাসে ১ হাজার ২০০ কিলোমিটার এবং পর্যায়ক্রমে ৫ বছরে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ সকাল সোয়া ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে দিনাজপুরের কাহারোলের বলরামপুরে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খালের খনন কাজ উদ্বোধনের মাধ্যমে তিনি দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করবেন। উদ্বোধন শেষে তিনি সেখানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং এক জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

বিকেলের কর্মসূচিতে রয়েছে ব্যক্তিগত ও সামাজিক মেলবন্ধন। বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী দিনাজপুর উপশহরের ফরিদপুর কবরস্থানে তাঁর নানা-নানি ও খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৫টায় গোর-এ-শহিদ বড় ময়দানে সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক এই ব্যস্ত সফর শেষে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি ঢাকার উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন। এই প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের জলাশয়গুলোর নাব্য ফিরিয়ে আনা এবং কৃষি সেচে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment