চাঁদ রাতে ইনকিলাব মঞ্চের বর্ণাঢ্য ‘ঈদের মিছিল’
রাজধানীর শাহবাগে চাঁদ রাতের সন্ধ্যায় এক ব্যতিক্রমী ও উৎসবমুখর ‘ঈদের মিছিল’ আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এই মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগে এসে শেষ হয়। বাঙালির চিরায়ত উৎসবের সংস্কৃতিকে রাজপথে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মিছিলে ছিল আনন্দের এক মহোৎসব। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী মানুষ, বিশেষ করে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এই আনন্দ মিছিলে যোগ দেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘ঈদ মোবারক’ লেখা নান্দনিক সব প্ল্যাকার্ড। মিছিলের বিশেষ আকর্ষণ ছিল সুসজ্জিত কয়েকটি ঘোড়ার গাড়ি, যা পুরো এলাকায় একটি রাজকীয় ও ঐতিহ্যবাহী আবহ তৈরি করে। মিছিলে অংশ নেওয়া মানুষ একে অপরের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।
সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানান, ঈদ কেবল একটি ধর্মীয় রীতিনীতি নয়, এটি বাঙালি মুসলমানদের প্রাণের ও সার্বজনীন উৎসব। বাঙালির নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সুস্থ ও দেশীয় সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করতেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত ঈদের খুশিকে রাজপথে সবার মাঝে ছড়িয়ে দিতেই ইনকিলাব মঞ্চ এই উদ্যোগ নিয়েছে।