১২ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ভালোবাসার উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীর মুখে হাসি ফোটাতে তাদের প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে উপহারের চেকগুলো তুলে দেন।
এই মানবিক উদ্যোগের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর এই উপহার সরাসরি মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, আমাদের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করেন, তাদের প্রতি গভীর সম্মান ও সহমর্মিতা জানাতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এই ৫ হাজার টাকা ঈদ উপহার হিসেবে তাদের পরিবারের আনন্দ ও উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এটি মূলত তাদের কষ্টের রাষ্ট্রীয় স্বীকৃতি।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, নগর সেবায় নিয়োজিত এই মেহনতি মানুষদের জীবনমান উন্নয়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের আরও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর এই উপহার পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রতি আরও উৎসাহী করবে এবং উৎসবের সময় তাদের মনোবল দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।