উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস: সঙ্গে আছেন স্ত্রী ও সন্তান। - Trend Bd

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস: সঙ্গে আছেন স্ত্রী ও সন্তান।

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বেলা ১১টা ১৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি উড্ডয়ন করে। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং দুই ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাশন ও ইমরান আব্বাস। প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে বিমানটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে।

গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার পুনরায় সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানালেও অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Leave a Comment