বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ শুরু করেছে: সারজিস আলমের তোপ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, বিএনপি ‘জুলাই সনদ’ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পঞ্চগড়ে এক অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সারজিস আলমের মতে, জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার হওয়ার কথা ছিল বিরোধী দল থেকে। কিন্তু বিএনপি সেই গণতান্ত্রিক ধারা বা সমঝোতা বজায় না রেখে তাদের নিজেদের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি মনে করেন, এর মাধ্যমে বিএনপি দেশের মানুষকে কোনো ভালো বার্তা দিতে পারল না।
বক্তব্যে তিনি শপথ গ্রহণের বিষয়টি নিয়েও কড়া সমালোচনা করেন। সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন একটি নতুন নির্বাচন হলো, তখনও বিএনপি আগের ‘ফ্যাসিস্ট’ সরকারের রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ পরিস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা থাকলেও, পূর্ণাঙ্গ নির্বাচনের পর পুনরায় সেই একই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াকে তিনি ‘স্বৈরাচারী লেজ টেনে ধরা’ হিসেবে অভিহিত করেছেন। জুলাই অভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে বিএনপির এমন আচরণ ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এটি আন্দোলনকারীদের মর্মাহত করেছে বলে তিনি উল্লেখ করেন।