প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি ভারত সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসজুড়ে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। তিনি বলেন, ঈদের এই আনন্দময় উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং একত্রে বসবাসের চিরন্তন মূল্যবোধগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দেয়।
নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং সবার সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। একই সাথে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে। দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।