বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত সম্পন্ন: জেনে নিন রাজধানীর পরবর্তী জামাতের সূচি
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত সম্পন্ন হয়। এতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামের ভ্রাতৃত্ব ও ত্যাগের মহিমা নিয়ে বিশেষ বয়ান পেশ করেন। বায়তুল মোকাররমে আজ আরও চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশ নেবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এই প্রধান জামাতটি সকাল ৯টায় বায়তুল মোকাররমে স্থানান্তরিত হবে।
রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ জামাতের মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যা সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে সকাল ৮টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলের মাঠেও সকাল ৮টায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নগরবাসীরা যেন সহজে নামাজ আদায় করতে পারেন, সেজন্য রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও ঈদগাহগুলোতেও একাধিক জামাতের আয়োজন রয়েছে।