যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়: থাকছেন গুলশানের বাসভবনেই
প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকছেন না। তিনি তার বর্তমান গুলশানের বাসভবনেই অবস্থান করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে প্রধানমন্ত্রীর আবাসস্থল পরিবর্তন না হলেও, পবিত্র ঈদুল ফিতরের দিন যমুনা সরগরম থাকবে। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে যমুনায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে। ঈদ উপলক্ষে ভবনটিকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুধু সাধারণ মানুষই নন, উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিরা। আতিকুর রহমান রুমন আরও জানান যে, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরও এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে গুলশানে বসবাস করলেও ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে প্রধানমন্ত্রী যমুনাকেই বেছে নিয়েছেন।