প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে সারা দেশে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। প্রতি সপ্তাহের শনিবার দেশের সকল সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া নামক মরণঘাতী রোগ থেকে দেশের মানুষকে রক্ষা করা।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট করেছেন যে, এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারলে এই রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়, তাই বালতি, ড্রাম, টায়ার, ফুলের টব কিংবা বাড়ির ছাদে কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাংক সবসময় ঢেকে রাখতে হবে এবং সপ্তাহে অন্তত একদিন বাড়ির ভেতর ও বাহির পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ড্রেন, ডোবা বা নর্দমায় জমে থাকা ময়লা পানি পরিষ্কার রাখা মশা নিধনে সবচেয়ে কার্যকর উপায়। সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’। আসন্ন বর্ষা মৌসুমের আগেই স্থানীয় প্রশাসনের বিশেষ উদ্যোগে এই দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হচ্ছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং নিয়মিত নিজের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি থেকে নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।