সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উত্তরবঙ্গের রেল যোগাযোগ ১২ ঘণ্টা বন্ধ, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, ট্রেনের ৯টি ক্ষতিগ্রস্ত কোচ উদ্ধার করে লাইন সচল করতে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
এই দীর্ঘ সময়ে ৫টি জেলার যাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে ‘ট্রান্সশিপমেন্ট’ বা ট্রেন পরিবর্তনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে নীলফামারি, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের যাত্রীরা নির্দিষ্ট স্থানে ট্রেন বদল করে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার কাজ চলাকালীন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রীরা দুর্ঘটনাস্থলে ট্রেন পরিবর্তন করবেন। অর্থাৎ, দুর্ঘটনার কারণে লাইনের দুই পাশে আটকে পড়া যাত্রীরা হেঁটে স্পট পার হবেন এবং বিপরীত দিক থেকে আসা ট্রেনে উঠে নিজ নিজ গন্তব্যে রওনা দেবেন। ৯টি কোচ রেললাইন থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় যাত্রীদের যাত্রা সচল রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।