এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার: সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা বাতিল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার চলছে। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশেই তার অপারেশন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।
আজ শুক্রবার বিকেল ৩টার পর মির্জা আব্বাসকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আগে জুমার নামাজের পর হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং বিএনপির এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বর্তমান জটিলতা ও অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়।
মির্জা আব্বাসের চিকিৎসার তদারকিতে গঠিত মেডিকেল বোর্ডে দেশের বেশ কয়েকজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এই দলে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞগণ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে দীর্ঘ ভ্রমণের ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। তাই দেশেই দক্ষ মেডিকেল বোর্ডের অধীনে দ্রুত অস্ত্রোপচার শুরু করা হয়েছে। অপারেশন পরবর্তী সময়টুকু অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।