হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেফতার
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে আটক করে।
গ্রেফতারকৃত ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা। ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছিলেন তিনি। আসামিদের পার করার পর নিজেও বাংলাদেশে গ্রেফতার এড়াতে অবৈধ পথে ভারতে ঢুকে পড়েন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ তার অপরাধ স্বীকার করেছেন। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে শরীফ ওসমান হাদিকে রিকশায় থাকা অবস্থায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ইতিপূর্বেই এই হত্যাকাণ্ডের মূল দুই আসামি ফয়সাল ও আলমগীরকে ভারতের পুলিশ গ্রেফতার করেছে। ফিলিপ সাংমার গ্রেফতার এই হত্যা মামলার তদন্তে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।