ইসরায়েলে ইরানের বড় হামলা: প্রথমবারের মতো শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার
ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে ৫৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন সাদেক প্রমিজ’-এর আওতায় এই হামলায় প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে সেজিল ছাড়াও দ্বৈত ওয়ারহেড বিশিষ্ট খোররামশাহর সুপার-হেভি মিসাইল, খায়বার-শাখান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি-র মতে, সেজিল হলো একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এবং অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দফার হামলার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানায় তারা। এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিবিসির তথ্যমতে, ইরানের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।