নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে না বাস মালিকরা: সেতুমন্ত্রী। - Trend Bd

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে না বাস মালিকরা: সেতুমন্ত্রী।

বাসে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না, নিয়ন্ত্রণে সরকার তৎপর: সড়ক ও সেতুমন্ত্রী

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাস মালিকরা বর্তমানে নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নিচ্ছেন না। সোমবার (১৬ মার্চ) মন্ত্রী বলেন, গত সাত দিনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম ভাড়া নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, যেখানে সরকার নির্ধারিত ভাড়া ৭০০ টাকা, সেখানে অনেক বাস ৬০০ বা ৬৮০ টাকায় যাত্রী বহন করছে।

মন্ত্রী স্পষ্ট করে জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীদের ভোগান্তি কমাতে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম মাঠ পর্যায়ে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। কোনো যাত্রীর অভিযোগ থাকলে তা তাৎক্ষণিক গুরুত্বের সাথে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের এক যাত্রীর অভিযোগের উদাহরণ দিয়ে তিনি বলেন, তদন্তে দেখা গেছে সেখানেও নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হয়নি; মূলত আগে অনেক কম ভাড়ায় যাত্রী নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়ার কাছাকাছি নেওয়ায় তা কোনো কোনো যাত্রীর কাছে বেশি মনে হতে পারে।

পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষায় জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ঘোষণাও দেন মন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, আপাতত তেলের দাম বাড়ছে না এবং মালিকরা নিয়মিত জ্বালানি পাচ্ছেন। কোথাও জ্বালানি সংকটের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের তদারকি অব্যাহত রেখেছে।

Leave a Comment