বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিঃস্ব শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - Trend Bd

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিঃস্ব শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক অবুঝ শিশু কন্যা। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে তিনি গুরুতর আহত এই শিশুটির উন্নত চিকিৎসা ও যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন।

গত বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পতিত হলে শিশুটির বাবা-মাসহ পরিবারের চারজন সদস্য প্রাণ হারান। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে বগুড়ার জেলা প্রশাসক, বগুড়া মেডিকেল কলেজের পরিচালক এবং ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে শিশুটির সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। পরিবারের সবাইকে হারিয়ে একা হয়ে পড়া এই শিশুটির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। শিশুটির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সব ধরনের তদারকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি করা হবে। বর্তমানে প্রশাসনের বিশেষ তত্ত্বাবধানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Comment