ভারত ও ইন্দোনেশিয়াসহ এশিয়ায় ঈদ শনিবার: ৩০ রোজা পূর্ণ হচ্ছে এবার
ইন্দোনেশিয়া, ভারত ও মালয়েশিয়া আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশগুলোর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই দেশগুলোতে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। তাই হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাস গণনা শুরু হবে আগামী শনিবার থেকে। অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদ পালিত হবে।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয় এবং এর পরদিন শাওয়াল মাসের শুরুতে ঈদুল ফিতর উদযাপিত হয়। এবার ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদ পালিত হচ্ছে। এর মাধ্যমে এ বছর এশীয় মুসলিম দেশগুলোতে দীর্ঘ ৩০ দিনের সিয়াম সাধনা শেষে শনিবার উদযাপিত হবে খুশির ঈদ।