‘রাজনৈতিক সমঝোতা নষ্ট করলে রাজপথেই জবাব’: সরকারি দলকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দল বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। আজ রোববার সংসদের অধিবেশন শেষে তিনি বলেন, বর্তমান সরকার, নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়াকে কেবল প্রচলিত সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি একটি গণ-অভ্যুত্থানের ফসল এবং সেই অভ্যুত্থানই এই সংস্কারের মূল বৈধতা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারি দল সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সমঝোতা বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, “গণভোটের মাধ্যমে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সরকারি দল সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশকে ‘অসাংবিধানিক’ বলছেন, যা অত্যন্ত আপত্তিকর। কারণ, স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়িয়েছেন।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পরও বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করায় দেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। ইতিহাসের পুনরাবৃত্তি না করে সরকারি দলকে গণ-আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে এ বিষয়ে চূড়ান্ত সমাধান না আসলে এবং সমঝোতা নষ্ট করা হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এর জবাব দেওয়া হবে। ঈদের পর সংসদের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে সরকারি দলের চূড়ান্ত অবস্থান জানতে চায় বিরোধী দল।