বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার ঘোষণা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। - Trend Bd

বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার ঘোষণা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

রাজনৈতিক শিষ্টাচার ও গঠনমূলক আলোচনার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা না বলার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন সময় প্রতিপক্ষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা এই নেতা এখন থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের পরামর্শে তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, এখন থেকে ব্যক্তিগত আক্রমণ ও অপ্রয়োজনীয় তর্কা বিতর্কের চেয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গঠনমূলক আলোচনাতেই তিনি বেশি মনোযোগ দেবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পূর্বের কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জানান, ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এই নতুন ও আত্মিক যাত্রার সূচনা করেছেন। দেশ ও মানুষের কল্যাণে গঠনমূলক রাজনীতি করাই এখন তার মূল লক্ষ্য। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরিতে কাজ করে যেতে চান।

Leave a Comment